ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নোয়াখালীতে স্বামীর খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত গৃহবধূ

নোয়াখালীতে স্বামীর খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত গৃহবধূ
×

নির্যাতনের স্বীকার নিলুফা ইয়াসমিন- সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ১০:০৭

গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এক সন্তানের জননী নিলুফা ইয়াসমিন কলি (২৭)। বাবার বাড়ি থেকে যৌতুক এনে না দেওয়ায় তাকে গত বুধবার রাতে খুন্তি গরম করে সারা শরীরে ছ্যাঁকা দিয়েছে স্বামী মোশারফ হোসেন উজ্জ্বল।

শুধু তাই নয়, তাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টাও করেছে উজ্জ্বল। আট বছরের ছেলেকে হাত-পা বেঁধে রেখে স্ত্রীর ওপর এমন নির্যাতন চালায় সে। নোয়াখালী পৌর সদরের বছিরার দোকানের পাশের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পাষণ্ড স্বামী উজ্জ্বল পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খানপুর মুন্সিরহাট গ্রামের আবদুল মতিনের ছেলে মো. মোশারফ হোসেন উজ্জ্বলের (৩৫) সঙ্গে কবিরহাট উপজেলার বড় রামদেবপুর গ্রামের ইউছুফ আলীর মেয়ে নিলুফা ইয়াসমিন কলির ২০০৯ সালে বিয়ে হয়। তাদের সংসারে সিয়াম নামের আট বছরের এক সন্তান রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন নিলুফা জানান, চার বছর আগে উজ্জ্বল সৌদি আরব যায়। দুই মাস আগে দেশে ফিরে আসে সে। এরপর বাড়িতে মা-বাবার সঙ্গে ঝগড়া করে উজ্জ্বল মাসখানেক আগে পৌর সদরের বছিরার দোকানের পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বাসায় উঠেই উজ্জ্বল বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয়। নিলুফা গত ১৩ ডিসেম্বর বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে উজ্জ্বলকে দেন। ওই টাকা তিন দিনের মধ্যে খরচ করে আবারও টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে গত বুধবার রাতে দু'জনের কথাকাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে ছেলে সিয়ামকে হাত-পা বেঁধে ফেলে রেখে তাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে গ্যাসের চুলায় খুন্তি গরম করে দুই গাল, হাত-পা ও শরীরের স্পর্শকাতর ১৪-১৫ স্থানে ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে উজ্জ্বল ঘর থেকে বেরিয়ে গেলে নিলুফা কৌশলে তার শিশুসন্তান নিয়ে পালিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর বৃহস্পতিবার সকালে তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করা হয়। খবর পেয়ে উজ্জ্বল লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে তার পরিবার ও নিলুফাকে ধরে আনার চেষ্টা করে। অব্যাহত হুমকির মুখে সেখান থেকে সোমবার রাতে নিলুফাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিলুফার মা জোছনা বেগম ও বাবা ইউছুফ আলী বলেন, বারবার টাকা দিতে ব্যর্থ হওয়ায় উজ্জ্বল আমাদের মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করে। গরম খুন্তির ছ্যাঁকায় তার শরীর ক্ষতবিক্ষত করেছে। আমরা উজ্জ্বলের বিচার চাই।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ওই গৃহবধূর মাথা ও গালের দু'পাশে এবং হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।

এ ঘটনার খবর পেয়ে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অপারেশন) দীপক জ্যোতি খীসা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম হাসপাতালে আহত গৃহবধূকে দেখতে যান। তারা জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

×