ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বগি লাইনচ্যুত: জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল ৬ ঘণ্টা বন্ধ

বগি লাইনচ্যুত: জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল ৬ ঘণ্টা বন্ধ
×

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:২২

বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু লাইনে ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ ছিল। গত বুধবার রাত ১২টার দিকে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫৩ নং আপ যাত্রীবাহী ট্রেনটি বুধবার রাত ১১টা ৪৭ মিনিটে জামালপুর রেলস্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনে কর্তব্যরত রেল নিরাপত্তা বাহিনীর সদস্য মো. আল আমিন বলেন, চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রেলওয়ের জামালপুরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কবীর হোসেন রানা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জামালপুর জংশন স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ও রেল প্রকৌশলীরা রাতে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। ভোর পৌনে ৬টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে সকাল ৬টায় ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×