বাসের ধাক্কায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু
আরিফুজ্জামান আরিফ
রংপুর অফিস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১ | ০৪:১৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২১ | ০৪:১৫
রংপুরে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান আরিফ (৩৫) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই দুর্ঘটনায় আহত আরিফের স্ত্রী-শিশু সন্তানও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আরিফের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটপুল এলাকায়। তিনি রংপুর সদর কোতয়ালী থানায় কর্মরত ছিলেন।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি মমতাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টায় থানা এলাকা থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে রংপুর নগরীর দিকে যাচ্ছিলেন এএসআই আরিফ। তাদের বহনকারী যানটি হাজীরহাট এলাকায় পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরিফ ও তার স্ত্রী-সন্তান ছিটকে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। বাসটি আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।