সুলতানা কামালের অভিযোগ
বিরলে কড়া সম্প্রদায়ের দিন কাটছে আতঙ্কে
দিনাজপুরের বিরলের ঝিনাইকুড়ি নৃ-তাত্বিক জনগোষ্ঠী কড়া পরিবারের খোঁজ খবর নেন সুলতানা কামাল-সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:১২
দিনাজপুরের বিরলে আদিবাসী কড়া সম্প্রদায়ের দিন কাটছে আতঙ্কে। এ সম্প্রদায়ের মাত্র ১৮টি পরিবার এদেশে থাকার বিশ্বাস হারিয়ে ফেলেছে। প্রতিনিয়তই তারা উচ্ছেদের হুমকিতে থাকছে। তাদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরাপদ জীবনযাপন ও বসবাসের অধিকার দিতে হবে।
শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ন্যাশনাল অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির আহ্বায়ক ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত মার্চে বিরলের হালজা গ্রামে সন্ত্রাসীরা ভূমি দখলের চেষ্টায় নিরীহ কড়া আদিবাসীদের অকথ্য নির্যাতন চালিয়েছে, কিন্তু এখনো প্রশাসনিকভাবে তার কোন বিচারিক প্রতিফলন দেখতে পাওয়া যায়নি। এই এলাকায় ৫২ একর জমিতে বসবাস করতো ৩০০ কড়া মানুষ অথচ সময়ের পরিক্রমায় এখন সেখানে ১৫ একর ভূমিতে রয়েছে মাত্র ১৮টি পরিবারের ৭০ জন মানুষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই হামলায় এক মাস বয়সী শিশুর বুকে পা উঠিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া সন্ত্রাসী এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। তারা নারী ও পুরুষদের ভয়ভীতি দেওয়া অব্যাহত রাখলেও প্রতিকার পাচ্ছে না অসহায় মানুষগুলো। এদের অনেকেই জীবন বাাঁচাতে পালিয়েছে ভারতে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্প্রদায়ের অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্যে যুদ্ধ করেছেন যার মধ্যে রয়েছেন থপাল কড়া ও কীনা কড়া। জীবন-মৃত্যুর কাছাকাছি এ দু'জন নিরীহ মানুষ হওয়ায় আজো মুক্তিযোদ্ধার তালিকায় জায়গা পাননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল অ্যাডভোকেসি প্ল্যাটফরমের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, মুক্তিযোদ্ধা সাবেক মেয়র এবং এনএনএমসি'র উপদেষ্টা সফিকুল হক ছুটু ও অ্যাডভোকেসি প্ল্যাটফরমের দিনাজপুরের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
এর আগে শনিবার সকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউপি'র হালজায় ঝিনাইকুড়ি নৃ-তাত্বিক জনগোষ্ঠী কড়া পরিবারের খোঁজ খবর নেন সুলতানা কামাল।
- বিষয় :
- বিরল
- সুলতানা কামাল
