কুমিল্লায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন
সম্মেলনে ফুলেল শুভেচ্ছা বিনিময়- সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৩
কুমিল্লার সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার বিবির বাজার আইসিপির বিপরীতে ভারতের শ্রীমান্তপুর এলসিএস নামক স্থানে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের কর্মকর্তার মাঝে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন, ১০ বিজিবির সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ‘শ্রীমান্তপুর এলসিএস’ নামক স্থানে ওই সম্মেলনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কগণ এবং স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম, পিবিজিএম, সেক্টর কমান্ডার বিজিবি কুমিল্লা এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নের্তৃত্ব দেন ডিআইজি রাকেশ রঞ্জন লাল, সেক্টর কমান্ডার, গোকুলনগর সেক্টর।
তিনি জানান, সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পার্শ্বে বিবির বাজার আইসিপি ও ভারতীয় পার্শ্বে শ্রীমান্তপুর এলসিএসের জন্য গ্রহণকৃত বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়।
