গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা: বিচারসহ সাত দাবিতে সমাবেশ
তিন সাঁওতাল হত্যার বিচার, ভাঙচুর, লুটপাট, বসতবাড়িতে অগ্নিসংযোগ, জমি ফেরতসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছেন সাঁওতালরা। ছবি: সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৮:৫৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৮:৫৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার, ভাঙচুর, লুটপাট, বসতবাড়িতে অগ্নিসংযোগ, জমি ফেরতসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছেন সাঁওতালরা।
শনিবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর এলাকায় শ্যামল, মঙ্গল, রমেশ বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা হাজি নুরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য ময়নুল ইসলাম, সাঁওতাল হত্যা মামলার বাদী থোমাস হেমব্রম, আদিবাসী নেত্রী প্রিসিলি মুরমু, অলিভিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘটনার প্রায় ছয় বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। অনতিবিলম্বে তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারাদেশের সাঁওতাল-বাঙালিদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বিরোধপূর্ণ তিনফসলি জমিতে ইপিজেড নির্মাণের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ আখ খামারে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল-শ্রমিক, পুলিশ ও সাঁওতালদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডি নামে তিন সাঁওতাল নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন।
