লালমনিরহাটে সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৪
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভারতীয় ট্রাকের পেছন দ্রুতগামী থ্রি হুইলালের ( মাহিন্দ্রা) ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাহিন্দ্রার চালকসহ আরও তিন যাত্রী। রোববার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভা এলাকার সহিদার রহমানের ছেলে আয়নাল হক (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার আন্দোরা গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে হাশেম আলী (৩২)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাত ১১ টার দিকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় মহাসড়কের পাশে একটি ভারতীয় ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীবোঝাই দ্রুতগামীর একটি মাহিন্দ্রা পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয়। অপরজন পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্বার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- লালমনিরহাট
- সড়ক দুর্ঘটনা
