সেই এএসআই প্রত্যাহার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৫
নারায়ণগঞ্জের এক হোসিয়ারি ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত করিমকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) শাফিউল আজম খান।
রোববার সকালে এএসআই এনায়েত করিমের বিরুদ্ধে নগরের সৈয়দপুর আলামিন নগরের বাসিন্দা হোসিয়ারি ব্যবসায়ী মো. জিকুকে দুই লাখ টাকা ঘুষ চেয়ে না পেয়ে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জিকুর স্বজনরা।
জিকুর স্বজনদের দাবি, দাবিকৃত দুই লাখ টাকা না পাওয়ায় এএসআই এনায়েত করিম জিকুকে মাদক দিয়ে ফাঁসিয়ে মামলা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জিকুর বাবা মজিবুর রহমান অভিযোগ করেছিলেন, তার ছেলে জিকু তিনটি মেশিন নিয়ে ছোট হোসিয়ারির ব্যবসা করে। গত ১২ ডিসেম্বর জিকু ও তার প্রতিষ্ঠানের কর্মচারী শামীমকে কোনো কারণ ছাড়াই তুলে নিয়ে যায় এএসআই এনায়েত করিমের নেতৃত্বে একদল পুলিশ। পরে দুই লাখ টাকা দাবি করে এনায়েত। আমি অনেক কষ্ট করে স্ত্রীর অলংকার বন্ধক রেখে ৩০ হাজার টাকা পরদিন ১৩ ডিসেম্বর সকালে সুমন নামে এক ব্যক্তির মাধ্যমে এএসআইকে দেই। ৩০ হাজার টাকা দেওয়ার পরও সে আমার ছেলে জিকু ও শামীমকে ১০ গ্রাম হেরোইন দিয়ে মাদক মামলায় চালান দেয়।'
অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ অভিযুক্ত এএসআই এনায়েত করিম। তিনি বলেন, 'তারা এসপি স্যারের কাছে অভিযোগ দিছে। এখন আমি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কিছু বলতে পারব না। আপনারা যা খুশি লিখতে পারেন।'
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- পুলিশ
