ছেলেকে না পেয়ে বাবার হাত কাটল মুখোশধারীরা
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৯
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছেলেকে ধরতে না পেরে বাবার হাত কেটে ফেলেছে মুখোশধারীরা। রোববার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে কৃষক মখলেচ উদ্দিনের ছেলে আকুলকে ধরতে ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়।
এ সময় ছেলেকে ঘর থেকে বের করতে না পেরে বারান্দায় ঘুমিয়ে থাকা মখলেচ উদ্দিনকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গ্রামের কৈখালীর মাঠে নিয়ে তার ডান হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়।
আহতের ভাই এলেম জানান, রাতে ভাতিজা আকুলের স্ত্রীর ফোন পেয়ে সেখানে গিয়ে তিনি জানতে পারেন, মখলেচকে দুর্বৃত্তরা ধরে নিয়ে গেছে। রাত ২টার দিকে এলাকাবাসীর খবরে মাঠের ক্যানেলের ওপর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীর থেকে ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহের পুলিশ সুপার (শৈলকূপা-হরিণাকুণ্ডু সার্কেল) আরিফুল ইসলাম জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- হামলা
- দুর্বৃত্ত
- হরিণাকুণ্ডু
