চট্টগ্রাম চিড়িয়াখানা
রাজ ও পরীর ঘরে নতুন অতিথি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৫
চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন হয়েছে। নগরীর ফয়'স লেক এলাকার এই চিড়িয়াখানায় জোড়া শাবকের জন্ম দিয়েছে বিদেশ থেকে আনা রাজ ও পরী নামে দুটি বাঘ। সোমবার সকাল ৮টার দিকে শাবক জোড়া জন্ম নেয়।
২০১৬ সালের ডিসেম্বরে আফ্রিকা থেকে আমদানি করা হয় ১১ ও ৯ মাস বয়সী একজোড়া রয়েল বেঙ্গল টাইগার। ২০১৮ সালের ১৯ জুলাই এক জোড়া শাবক প্রসব করে পরী। এর মধ্যে ছিল বিরল প্রজাতির একটি সাদা বাঘ।
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, কিউরেটর ছাড়া শাবক দুটির কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বাঘ শাবকের চোখ ফোটার পর বিস্তারিত জানানো হবে।
১৯৮৯ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা গড়ে তেলা হয়। ২০০৩ সালে ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি বাঘ আনার তিন বছর পর 'চন্দ্র' নামে একটি বাঘ মারা যায়। পরে ২০০৯ সালে তার সঙ্গী 'পূর্ণিমা'র ক্যান্সার ধরা পড়ে। ২০১২ সালের ৩০ অক্টোবর সেও মারা যায়। এর পর চার বছর বাঘহীন ছিল এই চিড়িয়াখানা। নতুন অতিথিদের আগমনে এখানে বাঘের সংখ্যা দাঁড়াল ৬-এ।
- বিষয় :
- চট্টগ্রাম চিড়িয়াখানা
- ফয়'স লেক
