ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মানবাধিকার রক্ষা সরকারের সাংবিধানিক দায়িত্ব: সুলতানা কামাল

মানবাধিকার রক্ষা সরকারের সাংবিধানিক দায়িত্ব: সুলতানা কামাল
×

প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল- সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৩

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, মানবাধিকার রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হলে সরকারকেই জবাবদিহি করতে হবে। এটা শুধু সংবিধানের কথা নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতেও সেটি পরিস্কারভাবে বলা আছে।

সোমবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে স ম আলাউদ্দিন মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম একটি সুন্দর সংবিধান। আমরা এই দেশকে স্বাধীন করেছি অনেক রক্ত, অনেক আবেগ, অনেক ত্যাগের বিনিময়ে। একটি সুসংগঠিত হানাদার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র মানুষ জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীন রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হবে, বিচারবহির্ভূত হত্যা হবে, আর আমরা কিছু বলব না, সেটা হতে পারে না।

তিনি বলেন, সারা পৃথিবী ঘুরে আমরা বলে বেড়াচ্ছি, দেশে দরিদ্র ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা নিশ্চিত করেছি। অথচ একটি মহল্লায় ১০ দরিদ্র মানুষ থাকলে তার মধ্যে মাত্র একজনকে এই ভাতা দেওয়া হচ্ছে। বাকি ৯ জনকে বঞ্চিত করছি। এ নিয়ে কেউ কথা বলছি না।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এসএম হায়দার, সিনিয়র আইনজীবী আবুল হোসেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, আলী নূর খান বাবুল, অ্যাডভোকেট শাহানাজ পারভিন, জোসনা দত্ত, ফরিদা আক্তার বিউটি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, অ্যাডভোকেট ওসমান গণি প্রমুখ।

আরও পড়ুন

×