রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলি, ২ র্যাব সদস্য আহত
মেরিন সিটি হাসপাতাল- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ১০:৫৮
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাবিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে দুই র্যাব সদস্য আহত হয়েছেন। সোমবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- সদস্য সৈনিক ইমরান ও করপোরাল শাহাব উদ্দিন।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম জানান, বিকেলে ইয়াবাবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানা যায়, র্যাব-১৫ সিপিসি-২ টেকনাফ ক্যাম্পের একটি দল ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন সংবাদে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মৌচনী শরণার্থী ক্যাম্পে অবস্থান নেয়। এ সময় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পাহাড়ের দিকে চলে যায়। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, 'র্যাবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
