ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

খুলনায় আমরণ অনশনে অসুস্থ ১৭ জন

খুলনায় আমরণ অনশনে অসুস্থ ১৭ জন
×

অনশনরত শ্রমিকেরা

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০১:০৫

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। 

গত পাঁচদিনে অসুস্থ হয়ে পড়া অনশনরত ১৭ জন শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাটমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ১৫ জন পাটকল শ্রমিক নেতা বৃহস্পতিবার সকালে ঢাকায় গেছেন।

গত রোববার দুপুর থেকে রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কের উপর আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। অন্য চারটি পাটকল শ্রমিকরা নিজ নিজ মিলের সামনে এ কর্মসূচি পালন করছেন।

শ্রমিকরা জানান, অনশন চলাকালে ১৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ১১টায় পাটকল শ্রমিকদের সন্তানরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কে বিক্ষোভ মিছিল করেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান জানান, পাটমন্ত্রী বিকেল ৫টায় তার দপ্তরে পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য খুলনা অঞ্চলের ১৫ পাটকল শ্রমিক নেতা দুপুরে ঢাকায় পৌঁছেছেন।

স্টার জুট মিল সিবিএ সভাপতি বেলাল মল্লিক জানান, মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে পাটকলগুলোতে গত পাঁচদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। সেইসঙ্গে খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কে সকল প্রকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


আরও পড়ুন

×