চট্টগ্রামে আগুনে পুড়ে স্পিডবোট চালকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৬:৩০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:১৯
চট্টগ্রামে মজুদ রাখা অকটেনে আগুন লেগে দগ্ধ হয়ে মো. জাবেদ নামে এক স্পিডবোট চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. লতিফের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত সংলগ্ন সাগরে মো. ফারুকের মালিকানাধীন স্পিডবোটের চালক ছিলেন।
পতেঙ্গা থানার ওসি উৎপল কান্তি বড়ুয়া জানান, পতেঙ্গা সমুদ্র সৈকতে সায়মা শপিং সেন্টারের নিচতলায় ফারুক স্পিডবোট সার্ভিসেস-এর অফিস। জাবেদ সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকদের স্পিডবোটে চড়িয়ে সাগরে নিয়ে যেতেন। রাতে ওই অফিসে ঘুমাতেন। অফিসটিতে স্পিডবোট চালানোর জন্য অকটেন মজুদ ছিল। রাতে কোনোভাবে সেখানে আগুন লাগে। সে সময় জাবেদ ওই অফিসেই ঘুমাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার পোড়া লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর জাবেদের লাশ উদ্ধার করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
- বিষয় :
- স্পিডবোট চালকের মৃত্যু
- চট্টগ্রাম
