রাস্তা নির্মাণের জন্য উপড়ে ফেলা হলো দেড় শতাধিক গাছ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:০৩
রাজশাহীর বাঘায় মাটি খননের ড্রেজার মেশিন (ভেকু) দিয়ে বন বিভাগের দেড় শতাধিক গাছ উপড়ে ফেলে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার উপজেলার পীরগাছা গ্রামের আফতাব হোসেনের বাড়ি থেকে মাঝপাড়া খোকনের মোড় পর্যন্ত সাড়ে ৫শ' মিটার পাকা রাস্তা নির্মাণের জন্য রাস্তার দুই পাশের বিভিন্ন জাতের দেড় শতাধিক গাছ উপড়ে ফেলা হয়। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে বাঘা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলার উন্নয়ন অবকাঠামোর ৩০ লাখ টাকা ব্যয়ে ওই রাস্তা নির্মাণের কাজ পেয়েছেন বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার। পাকা রাস্তা নির্মাণের জন্য মাটি কেটে বেড তৈরির অজুহাতে ঠিকাদারের ড্রাইভার রাস্তার দুই পাশের বিভিন্ন জাতের গাছগুলো উপড়ে ফেলেন।
বাউসা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ফতেপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, গাছগুলো ১৭ বছর আগে বন বিভাগের পক্ষ থেকে প্রকল্পের মাধ্যমে লাগানো হয়েছে। সেই প্রকল্পের সভাপতি হিসেবে বিষয়টি ইউএনও ও বন বিভাগের কর্মকর্তাকে অবহিত করেছি।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা জহুরুল হক বলেন, এ ঘটনায় জড়িত জাহিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাঘা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে বন আইনে আদালতে মামলা করা হবে। বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাঝপাড়া গ্রামের জাহিদ হোসেন বলেন, পাকা রাস্তা নির্মাণের প্রয়োজনে গাছ উপড়ে দেওয়া হয়েছে। ঠিকাদার আবদুল কুদ্দুস সরকার বলেন, রাস্তার বেড কাটতে গিয়ে পাশের গাছ উপড়ে ফেলার কথা শুনেছি।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেব। ইউএনও শাহিন রেজা বলেন, বন বিভাগকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
