সিলেটে আসছে শ্রী চৈতন্য মহাপ্রভূর পাদুকা
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:৫৭
সিলেটে আসছে শ্রী চৈতন্য মহাপ্রভূর কাঠের তৈরি পাদুকা (জুতা)। শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার বার্ষিক মহোৎসবে ওই জুতা প্রদর্শন করা হবে। জুতাটি বর্তমানে ভারতের নবদ্বীপ শহরের একটি মন্দিরে রাখা আছে।
বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নিত্যানন্দ প্রভূর চতুর্দশ বংশধর পাঠক সম্রাট প্রভূপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী ও হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা জানান, শ্রী চৈতন্য দেবের সঙ্গে সিলেটের নিবিড় যোগাযোগ ছিল। কারণ, তার পিতামাতা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের অধিবাসী ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তারা নবদ্বীপে বসতি স্থাপন করেন। শ্রী চৈতন্য দেব প্রেম-সাম্যের বাণী প্রচার করেছিলেন। ধনী দরিদ্র বর্ণাশ্রম ও নানা প্রকার সংকীর্ণতার গণ্ডি ভেঙে পৃথিবীতে প্রেমপূর্ণ মানবজাতির সহাবস্থানের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর নগরীর মাছুদীঘির পাড়ে নিত্যানন্দের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারও আগামী ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মাছুদীঘির পাড়ে এই সম্মেলন হবে। ৮ থেকে ১০ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তরা পাদুকা দেখতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার সভাপতি নরেন্দ্র দে, সাধারণ সম্পাদক প্রকৌশলী দেবদাস রায়, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভার সদস্য অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, হরিভক্তি প্রচারিণী সভার প্রচার সম্পাদক বনমালী দত্ত, সদস্য রাখাল দে, বিমলেন্দু দে, স্থপতি কুমার দাস, ঝুটন দাস, বিধু চৌধুরী, অমিত দে প্রমুখ।
