ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মোংলা বন্দরে কার্গো জাহাজডুবি, উদ্ধার ১৪ নাবিক

মোংলা বন্দরে কার্গো জাহাজডুবি, উদ্ধার ১৪ নাবিক
×

ফাইল ছবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০২:৪০ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ০২:৪৩

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া (বহির্নোঙর) এলাকায় নিউ পারভিন-২ নামক সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনার পর জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তিনি কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে দুবলা ক্যাম্পে আনা হয়।

উদ্ধারকৃত নাবিকরা হলেন- জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায়।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামের একটি কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে আসছিল। মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে নিউ পারভিন-২। এতে কার্গো জাহাজটি ডুবে গেলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে।

আরও পড়ুন

×