ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদের উদ্যোগ

সাতক্ষীরায় ২০০ পরিবার পেল শীতবস্ত্র

সাতক্ষীরায় ২০০ পরিবার পেল শীতবস্ত্র
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:১৫

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ২০০ দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টির মধ্যে কনকনে শীত আর ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে নারী-পুরুষ হাজির হয় খলিষখালীর দুদলি ঈদগাহ মাঠে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সমকাল সুহৃদ সমাবেশের সহযোগিতায় তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা খায়রুল বাসার, যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আরিফুর রহমান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খান মিলন, পাটকেলঘাটা প্রেসক্লাবের উপদেষ্টা জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন।

খলিষখালী এলাকার বৃদ্ধ আজগর আলী কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি। তিনি বলেন, 'খুব ঠাণ্ডা, বাজান শীতে বড্ডো কষ্ট পাতিলাম। তোমাগির এই কম্বল অনেক ভালো কম্বল। ঠাণ্ডা মোটেও সহ্য করতি পাত্তিছিলাম না। আল্লাহ তোমাগির ভালো নাখুক।'

আলেয়া বেগম বলেন, 'আমাগির অনেক উপকার হলো। অনেক ভালোমানের কম্বল। কেউ এত ভালো কম্বল দেয় না। কম্বল পেয়ে আমরা খুব খুশি।'

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আল-খায়ের ফাউন্ডেশন এবং সমকাল সুহৃদ সমাবেশ তালার খলিষখালী এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কিম্বল বিতরণ করায় তারা উপকৃত হলো। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন

×