আ’লীগের এক নেতার পা ভাঙলেন আরেক নেতার কর্মীরা
আহত মো. সৈয়দ শামীম ইফতেখার -সমকাল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:২৬
বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে নিজ দলের নেতাকর্মীদের বেধড়ক মারপিটে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।
আহত আওয়ামী লীগ নেতার নাম মো. সৈয়দ শামীম ইফতেখার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মারপিটে তার ডান পা ভেঙে গেছে।
এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ঠিকাদার সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপরদিকে ঘটনার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। বিকেলে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও পৌরভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকনের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ নেতা শামীমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখারের সঙ্গে নিজ দলের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঠিকাদার সেলিম রেজার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনার জেরে রাবেয়া কমপ্লেক্সের সামনে সেলিম রেজার লোকজন ওই আওয়ামী লীগ নেতার ওপর চড়াও হয়। তারা লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারপিট করে শামীমের ডান পা ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার রাতেই আহত আওয়ামী লীগ নেতার ছেলে সামিউল হাসান বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- বগুড়া
- আওয়ামী লীগ
