নাটোরে ২ যুবকের জুতায় মিলল ৮০ হাজার ডলার
পুলিশের হাতে আটক দুই যুবক- সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:৪৭ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ০৯:৩৫
নাটোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যুবকের জুতার ভেতর থেকে ৮০ হাজার ডলার জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে মার্কিন ডলার বহন করায় তাদেকে আটক করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাদের আটকের পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার জানান, দুই যুবকের কাছে বিপুল পরিমাণ মার্কিন ডলার রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈকত হাসানের নেতৃত্বে শহরের বনবেলঘড়িয়ার পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গ্রামীণ ট্রাভেলস নামে একটি কোচে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহ হলে মইনুদ্দিন (২৭) ও রাসেল (২৫) নামের দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে তাদের দেহ তল্লাশি করা হয়। তাদের স্যান্ডেলের সোলের নিচে বিশেষ কায়দায় ডলারগুলো রাখা ছিল।
আটক রাসেল ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলমপুর গ্রামের প্রয়াত ফরিদ আহমেদের ছেলে এবং মইনুদ্দিন একই এলাকার তোতা মিয়ার ছেলে। তারা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে ডলারগুলো বাংলাদেশে আনে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
- বিষয় :
- জুতার ভেতর ডলার
- গ্রেপ্তার ২
- নাটোর
