ফয়'স লেকে দুই সংবাদকর্মীর ওপর হামলা, ৩ আনসার সদস্য প্রত্যাহার
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৯:১৬ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ০৯:২১
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রামে দুই সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। তারা হলেন- যমুনা টেলিভিশনের রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরাপারসন সঞ্জয় মল্লিক।
শুক্রবার সকালে ফয়'স লেকে দায়িত্বরত আনসার সদস্যদের হাতে আক্রান্ত হন তারা। পরে সাংবাদিক নেতাদের প্রতিবাদের মুখে অভিযুক্ত তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে লেক কর্তৃপক্ষ।
এদিন সকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য নগরীর খুলশী থানার ফয়'স লেকে যান যমুনা টেলিভিশনের রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরাপারসন সঞ্জয় মল্লিক। এ সময় নিজস্ব গাড়ি নিয়ে লেকের ভেতরে প্রবেশ করতে গেলে এক আনসার সদস্য তাদের গতিরোধ করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা লেকে প্রবেশ করলেও আরেক আনসার সদস্য তাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। একপর্যায়ে দায়িত্বরত আরেক আনসার সদস্য অতর্কিত দুই সাংবাদিকের ওপর হামলা চালান। বিষয়টি জানার পর কয়েকজন সাংবাদিক নেতা ঘটনাস্থলে গিয়ে লেক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং প্রতিবাদ জানান। পরে অভিযুক্ত তিন আনসার সদস্য মো. আনোয়ার, মো. রেদোয়ান ও মো. বেলায়েতকে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। এছাড়া হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
