ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়ার অভিযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ১০:৫৬
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ চৌকি আদালতের এক ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তরফকামাল গ্রামের তাজেল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম ইরাকে যাওয়ার জন্য বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা গ্রামের মো. নজি মন্ডলের স্ত্রী মোছা. ডলি বেগমকে গত বছরের জুন মাসে ৫ লাখ টাকা চুক্তিতে আগাম ১ লাখ টাকা দেন। এরপর ডলি বেগম কৌশলে রফিকুলের কাছ থেকে ওই মাসেই আরও ২ লাখ টাকা নেন। টাকা নেয়ার পর থেকে রফিকুলকে ইরাকে না পাঠিয়ে নানা তালবাহানা শুরু করে। রফিকুল ডলি বেগমের প্রতারনার ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে টাকার জন্য ডলিকে চাপ দিলে তিনি দিতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে রফিকুল গত বছরের ৮ আগস্ট গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডলি বেগম, নজি মন্ডল ও মোছা. মঞ্জিলাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আসামি ৩ জনের বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় মঞ্জিলা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। কিন্তু পুলিশ আসামি মঞ্জিলা বেগমকে আদালতে না পাঠিয়ে দফারফার মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ছেড়ে দেয় বলে মামলার বাদী রফিকুল ইসলাম অভিযোগ করেছেন।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দিন মঞ্জিলা নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তবে স্থানীয়রা মঞ্জিলাকে পুলিশ গ্রেপ্তার করেছিল বলে সমকালকে নিশ্চিত করেছেন।
