ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সেই মুহিব উল্লাহর নেতৃত্বে উখিয়ায় ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালন

সেই মুহিব উল্লাহর নেতৃত্বে উখিয়ায় ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালন
×

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ১২:২৪

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালিত হয়েছে। শুক্রবার দুপুরে উখিয়া লম্বাশিয়া নামক ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিব উল্লাহর নেতৃত্বে ৬৬তম দিবস পালন করা হয়। এর আগে গত বছর ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার দুই বছর পূর্তি উপলক্ষে উখিয়া মহাসমাবেশ করে বির্তকের জন্ম দেন এই রোহিঙ্গা নেতা।

রোহিঙ্গারা জানান, শুক্রবার উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি মক্তবে এআরএসপিএইচ এর রোহিঙ্গা সংগঠনের ব্যানারে একটি সভা হয়। এতে বেশকিছু রোহিঙ্গা মাথায় টুপি ও সাদা পোশাকে সভায় অংশ নেন। এ সময় মহিব উল্লাহ ছাড়াও মাস্টার আবদুর রহিম ও ডা. মো. জুবায়েরসহ এআরএসপিএইচের নেতারা বক্তব্য রাখেন। 

সভায় রোহিঙ্গা নেতারা বলেন, ১৯৫৪ সালের ৩ জানুয়ারি বার্মার জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ইউ নু রোহিঙ্গাদের স্বীকৃতির ঘোষণা দেন। ১৯৬২ সালে সাবেক জেনারেল নে ইউন ক্ষমতা দখলের পর থেকে দিবসটি বার্মায় আর পালন করতে দেওয়া হয়নি।

এ ব্যাপারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মুহিব উল্লাহর বক্তব্য পাওয়া না গেলেও সংগঠনের আরেক নেতা মাস্টার আবদুর রহিম বলেন, ‘রোহিঙ্গা ন্যাশনাল ডে’ পালনে গত দুই দিন আগে প্রত্যাবাসন কমিশনারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তবে আমরা বড় কিছু করিনি, একটি মক্তবে বসে দোয়া মাহফিল করেছি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা সমকালকে বলেন, 'এমন অনুষ্ঠান পালনের জন্য আমাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া কেউ যদি এমন অনুষ্ঠান করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন

×