সীতাকুণ্ডে তরুণীর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০২:৫৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট স্টেশনের রেল কলোনি সংলগ্ন একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশের ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানায়, সোমবার সকালে ঘটনাস্থলে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ক্রাইমসিনের টিমকে বিষয়টি জানায়। পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় শ্বাসরোধে ওই তরুণীকে হত্যা করে মৃতদেহটি ডোবায় ফেলে রাখা হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এ এস আই মোশারফ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
