ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট নামল 'সোনার তরী'
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৯:৪০
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ২৯৭ যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামল বাংলাদেশ বিমানের ফ্লাইট বোয়িং-৭৮৭ 'সোনার তরী'। সোমবার দুপুর ১২টা ৫৮ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা-ম্যানচেস্টার রুটে আবার ফ্লাইটটি চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার সিলেটে যাত্রী নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার সিলেট রুটে বিমানটি চলাচল করবে বলে জানা গেছে।
বিমান সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে ওই রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আবার রুটের বিমানটি উদ্বোধন করেন।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানিয়েছেন, বিমানবহরে সদ্য সংযোজিত 'বোয়িং ৭৮৭-৯' ড্রিমলাইনার দিয়ে শুরু হয়েছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। গতকাল সিলেটে আসা বোয়িং-৭৮৭ সোনার তরীর ২৯৮ যাত্রী ধারণক্ষমতা রয়েছে। বিমানটি ২৯৭ যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করে। এর মধ্যে ২৮৫ জনই সিলেটের এবং বাকিরা ঢাকার যাত্রী।
- বিষয় :
- সোনার তরী
- ম্যানচেস্টার
- বিমান
