ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ইভিএমে শঙ্কার কারণ নেই: শাহাদাত হোসেন

ইভিএমে শঙ্কার কারণ নেই: শাহাদাত হোসেন
×

শাহাদাত হোসেন চৌধুরী- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ১০:২২

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ইভিএম নিয়ে শঙ্কার কারণ নেই। ইতোমধ্যে এটিকে ভোটারদের কাছে পরিচিত করেছি। ইভিএম কষ্টের কিছুই না। যারা ফেসবুক, ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন তারা খুব সহজেই ইভিএম ব্যবহার করতে পারবেন।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে উপ-নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনসহ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, 'আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। আর সেটা হবে ইভিএমের মাধ্যমে। এজন্য সংশ্লিষ্ট আসনের ৫৩টি স্থানে ইভিএম প্রদর্শন করা হবে। ভোটারদের মন থেকে ইভিএম নিয়ে শঙ্কা দূর করতে আসনের প্রতিটি কেন্দ্রে ১১ জানুয়ারি 'মক ভোটিং' হবে। মক ভোটিংয়ে অংশ নিলে ইভিএম নিয়ে কোনো শঙ্কাই থাকবে না।'

তিনি আরও বলেন, ইভিএমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। রূপগঞ্জে পড়েছে ৭০ শতাংশের বেশি। কেউ চাইলে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখতে পারেন। তিনি ভোটের বিষয়ে বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী, ভোটার, গণমাধ্যমকর্মীসহ সবার ভূমিকা আছে। নির্বাচনে যাতে কোনো অঘটন না ঘটে সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নজর রাখতে কঠোর নির্দেশনা দিয়েছি।

আরও পড়ুন

×