জামালগঞ্জে যুদ্ধাপরাধ মামলায় ঝুনু মিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:৪৩
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেনের নেতৃত্বে এই তদন্ত শুরু হয়। এদিন জামালগঞ্জের দক্ষিণ কামলাবাজ, কালীপুর, সদরকান্দি, শরীফপুর ও কাজিরগাঁওয়ের বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত কাজ পরিচালনা করেন তিনি।
২০১৭ সালের ১২ এপ্রিল জামালগঞ্জ উপজেলার সদরকান্দি গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল গনির ছেলে মো. আব্দুল জলিল বাদী হয়ে একটি মামলা করেন।
ওই মামলায় ঝুনু মিয়া ছাড়াও জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মফিজ আলীর ছেলে মজনু মিয়া (৬৬) ও একই গ্রামের আবুল খয়েরের ছেলে এনাম উদ্দিন (৬২) সহ রাজাকার, আলবদর, আল-শামস ও শান্তি কমিটির অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলাটি আদালত ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মঙ্গলবার তদন্ত সংস্থার কর্মকর্তাদের কাছে মুক্তিযুদ্ধকালীন অত্যাচারের শিকার প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা রাজাকার লাল মিয়া ও তার ছেলে ঝুনু মিয়ার দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বর্ণনা দেন।
তদন্তকারী কমকর্তা নূর হোসেন বলেন, ধর্ষণের শিকার নারী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অপরাধের সত্যতা পাওয়া গেছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- যুদ্ধাপরাধ
- ঝুনু মিয়া
