ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

‘চট্টগ্রামের স্বার্থে মহিউদ্দিন সবাইকে আপন করে নিতেন’

‘চট্টগ্রামের স্বার্থে মহিউদ্দিন সবাইকে আপন করে নিতেন’
×

স্মরণসভা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১ | ০৪:৪০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ | ০৪:৪০

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ‘চট্টল বীর’ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেছেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী আপাদমস্তক একজন রাজনীতিক ছিলেন। সবচেয়ে বড় কথা তিনি দল ও মতের ঊর্ধ্বে মানবিক গুণাবলীতে অনন্য এক ব্যক্তিত্ব ছিলেন। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে তিনি সবাইকে আপন করে নিতেন। 

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় ডা. মাহফুজুর রহমান এসব কথা বলেন।

বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বলেন, ‘আমরা যারা মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে চাই, তাদের কাছে মহিউদ্দিন চৌধুরী অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন।’ 

চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন— মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম প্রমুখ।


আরও পড়ুন

×