ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ইভিএম না রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে: ওবায়দুল কাদের

ইভিএম না রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে: ওবায়দুল কাদের
×

 নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচন কমিশন (ইসি) সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, না রাখলেও থাকবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।' তিনি বলেছেন, খুলনায় ৭১ টিভির সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে নির্যাতনের ঘটনা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' উদযাপন কর্মসূচির ফলক উন্মোচনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী এ সময় শীতার্তদের মধ্যে কম্বলও বিতরণ করেন। তিনি বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত শীতার্তদের মধ্যে ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শিশু ও দুস্থদের শুকনো খাবারও দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের তাকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কাছে দৃশ্যমান। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বসুরহাটের আগে মন্ত্রী কবিরহাট পৌরসভার হাজী ইদ্রিছ মিলনায়তনে শীতার্তদের মধ্যে কম্বল ও শিশুদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি সিরাজপুর ইউনিয়নের বড়রাজাপুর গ্রামে মা ও বাবার কবর জিয়ারত করেন।

এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি খিজির হায়াত খান, হাতিয়া উপজেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র মির্জা আবদুল কাদের, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন্নাহার শিউলি, দলের কবিরহাট উপজেলা শাখার সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল করিম জুয়েল, জেলা শাখার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমিরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×