বিএনপি সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়: নাসিম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:৩৮
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ভোট গ্রহণের আগেই বিএনপি নানা অজুহাত ও অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের এ ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে উপস্থিত জনতার উদ্দেশে এ কথা বলেন।
সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন ও পিপুলবাড়িয়া বাজারে প্রস্তাবিত মনসুরনগর থানা আওয়ামী লীগ কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, ইউএনও অসীম কুমার সরকার, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাসিম আরও বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের জন্য কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় সরকারের এক বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এ ভাষণ শোনা ও দেখার জন্য জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে-বিদেশে এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শীতার্ত মানুষের উদ্দেশে নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে শীতার্ত মানুষ যেন কোনো কষ্ট না পায় সে জন্য দলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন। দরিদ্র-অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ ছাড়া শীতার্ত মানুষের পাশে অন্য কোনো দল নেই। অথচ নির্বাচন এলেই ধানের শীষ মার্কা নিয়ে বিএনপিসহ অনেকেই এসে হাজির হন জনগণের কাছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- মোহাম্মদ নাসিম
- সিরাজগঞ্জ
