ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধার

নারায়ণগঞ্জে বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধার
×

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে বিরল প্রজাতির ২২ কেজি ওজনের একটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল এটিকে আহত অবস্থায় উদ্ধার করে।

বন্যপ্রাণী উদ্ধারকারী দলের প্রধান এমএম সাদ বলেন, এটি বিলুপ্তপ্রায় প্রজাতির বনবিড়াল। আহত বনবিড়ালটি সুস্থ করার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থার সিদ্ধান্তে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহিরউদ্দিন আকন্দ বলেন, একে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। মূলত খাবারের খোঁজেই বনবিড়ালটি লোকালয়ে ঢুকেছিল। কিন্তু সেখানে একটি পুরোনো স্থাপনায় আঘাতপ্রাপ্ত হয়।

বনবিড়াল সাধারণত শহরের বাইরে যে কোনো জায়গায়, নদীর ধারে, পাহাড়ি ছড়া, ঝোপঝাড় ও সুন্দরবনে বাস করে। এরা সাঁতারে পারদর্শী হওয়ায় এ ধরনের পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে। এদের গায়ে ছোপ ছোপ চিহ্ন থাকায় চিতাবাঘ বলেও ভুল করা হয়। এদের ইংরেজি নাম ফিশিং ক্যাট। এটি মাঝারি আকারের বিড়াল গোত্রীয় স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টারিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, কম্বোডিয়া, লাওস, শ্রীলংকায় এরা স্থানীয়ভাবে বাঘরোল নামে পরিচিত। গত কয়েক দশকে এদের সংখ্যা হ্রাস পেয়েছে। তাই আইইউসিএন ২০০৮ সালে বনবিড়াল বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

আরও পড়ুন

×