উপনির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই: সিইসি
মঙ্গলবার চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রস্তুতি এবং ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা -সমকাল
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:৫৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তিনি বলেন, বোয়ালখালীতে আসার পথে দেখলাম প্রার্থীদের পোস্টার পাশাপাশি লাগানো। এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানলাম নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে, প্রার্থীদের মধ্যে কোনো গ্রপিং সৃষ্টি হয়নি। মনোমালিন্যের ঘটনাও ঘটেনি।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রস্তুতি এবং ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান সিইসি।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বশরতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের গোমদণ্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বলেন, ঢাকা থেকে খবর নিয়েছি প্রার্থীদের মধ্যে ভালো সমঝোতা রয়েছে, নিজেরা কোনো রকম সহিংসতায় যাবেন না। নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা আন্তরিক।
ভোট কারচুপির কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ইভিএম ভালোভাবে দেখেন, তাহলে এ ভুলটা কেটে যাবে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, নির্বাচনে অসুবিধা হতে পারে বা কারচুপির কারণ হতে পারে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন নিয়ে তিনি বলেন, বছরে একবার ছুটির তালিকা হয় মন্ত্রিপরিষদের সভায়। সেখানে সরস্বতী পূজার ছুটি নির্ধারণ করা হয়েছে ২৯ তারিখ। সে কারণে আমরা ২৯ তারিখ নির্বাচনের দিন ধার্য করিনি। তাই ৩০ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
এ সময় উপস্থিতি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন ও বোয়ালখালী থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রমুখ।
