ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউপি চেয়ারম্যানের বাড়িতে অনুদানের সোলার প্যানেল

ইউপি চেয়ারম্যানের বাড়িতে অনুদানের সোলার প্যানেল
×

যশোর অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ১০:০৫

যশোরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল সরকারি অনুদানের লাখ টাকার সোলার প্যানেল। ২০১৮-১৯ অর্থবছরে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছিল ৭০০ ওয়াট সরবরাহ ক্ষমতার সোলার প্যানেল। এক লাখ আট হাজার ৭৮০ টাকার ওই প্যানেল শোভা পাচ্ছে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদলের বসতঘরের ছাদে। 

স্থানীয় আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ূয়া ছেলে সামাউল ইসলাম সাগরের নামে বরাদ্দ দেখিয়ে এ সোলার প্যানেল ব্যবহার করছে চেয়ারম্যান বাদলের পরিবার।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সরকারি এ সোলার প্যানেল ব্যবহার করতে পারেন না। তিনি যদি এটা লাগিয়ে থাকেন তবে অন্যায় করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে উপজেলার সবক'টি ইউনিয়নেই সরকারি অনুদানের সোলার প্যানেলের বরাদ্দ ছিল প্রায় একই রকম। অন্যান্য ইউনিয়নেও তা বণ্টনে অনিয়মের অভিযোগ রয়েছে। নীতিমালা অমান্য করে 'নিজেদের লোকদের' মধ্যে বণ্টন করা ছাড়াও একাধিক ইউপি চেয়ারম্যান ও সদস্য এসব সোলার প্যানেল নিজেদের বাড়িতে স্থাপন করেছেন বলে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে।

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চৌগাছা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজা বলেন, নিয়ম অনুযায়ী সোলার প্যানেল যার নামে বরাদ্দ হয়েছিল, তার বাড়িতে সেটি লাগিয়ে দিয়েছি। বরাদ্দ পাওয়া ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ওই ব্যক্তি বর্তমান চেয়ারম্যানের ছেলে সামাউল। একই পরিমাণ অর্থে ইউনিয়নের আটটি বাড়িতে সোলার প্যানেল স্থাপন করা সম্ভব বলে জানান তিনি।

চেয়ারম্যান বাদল বলেন, অন্য চেয়ারম্যানরা নিয়েছেন তাই আমিও নিয়েছি। আর কোন ইউপি চেয়ারম্যান নিয়েছেন জানতে চাইলে তিনি সুকপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়ার নাম উল্লেখ করেন।

আরও পড়ুন

×