ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লঞ্চে আগুন

এবার এক স্বজনের মামলা, আসামি মালিকসহ ৮

এবার এক স্বজনের মামলা, আসামি মালিকসহ ৮
×

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ০১:২৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ০১:৪৫

ঝালকাঠির সুগন্ধায় এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার এক স্বজন মামলা করেছেন। নৌযান আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে মালিকসহ ৮ জনকে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মনির হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন বলে ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মো. মালেক এ তথ্য নিশ্চিত করেন।

পেনাল কোডের ২৮০/২৮৫/২৮৭ এবং ৩০৪ এর ক/১০৯ ধারায় এ মামলাটি দায়ের করা হয়। ঝালকাঠি সদর থানার মামলা ১২/২১ নম্বর এ মামলায় লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে আসামী করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মো. মালেক জানান, ঢাকা ডেমরা এলাকার খলিলুর রহমানের পুত্র মো. মনির হোসেনের লিখিত এজাহারটি গ্রহনকরে মামলা হিসেবে রুজু করা হয়েছে। এতে যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন-অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা দুই মাষ্টার রিয়াজ সিকদার ও মো. খলিল, দুই ড্রাইভার মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানী আহসান এবং কেরানী কামরুল।

মামলার বাদী রাজধানীর ডেমরা থানার পুর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন বলেন, আগুন লাগার ঘটনায় এই লঞ্চে থাকা যাত্রী আমার বোন তাসলিমা আক্তার (৩২)। তার দুই মেয়ে সুমাইয়া আক্তার মীম (১৫) এবং সুমনা আক্তার তানিশা (১০) এবং ৭ বছর বয়সী ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিত এখনো নিখোঁজ রয়েছে।

মনির হোসেন মামলার এযাহারে উল্লেখ করেন, রাতে লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দিয়ে আগুন ধরে যায় তখনো লঞ্চের ষ্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলছিল। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুমে যখন আগুন ধরে যায় তখন চালক ও ষ্টাফরা যাত্রীদের বাঁচাতে লঞ্চ তীরে নোঙ্গর না করে চালিয়ে সামনে যাচ্ছিল। এক পর্যায়ে চালকসহ স্টাফরা ঝাপিয়ে পরে পালিয়েছে। মামলায় এযাহারে লঞ্চটিতে অগ্নিনির্বাপক যন্ত্রসহ নিরাপত্তা সামগ্রী ঘাটতির কথাও উল্লেখ করা হয়। 

এর আগে এ ঘটনায় আরও তিনটি মামলা হয়। শনিবার বরগুনা থানায় বরগুনা সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। বরগুনার আদালতে হয়েছে আরেকটি মামলা; যার বাদী বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসি। তাছাড়া সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে ঢাকার নৌ আদালতে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন

×