ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পাবনায় শ্রদ্ধা-ভালোবাসায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

পাবনায় শ্রদ্ধা-ভালোবাসায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
×

বুধবার সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে স্যামসন এইচ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয় -সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২ | ১০:১৫ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ | ১০:১৫

শ্রদ্ধা আর ভালোবাসায় পাবনায় দেশবরেণ্য শিল্পদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে পাবনায় বৈকণ্ঠপুরের এস্ট্রাস খামার বাড়িতে স্যামসন এইচ চৌধুরী সমাধিতে শ্রদ্ধা জানান স্কয়ার মাতা অনিতা চৌধুরীসহ পরিবারের সদস্যরা। এ সময় ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব অডিটরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ। 

স্মরণসভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ সময় প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র বলেন, 'স্যামসন এইচ চৌধুরী শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার কথা মুখে বলতেন না। তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন ডিসিপ্লিনড মানুষ। একজন সফল, সুখী এবং পরিপূর্ণ মানুষ হিসেবে তার মৃত্যু হয়েছে। তার প্রয়াণ দিবসে সবাইকে নিয়ে আমরা তার সফলতার গল্প, সততার গল্প ও দেশপ্রেমের কথাগুলো স্মরণ করি।'

তিনি আরও বলেন, 'স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে তিনি সবসময় নতুন নতুন চিন্তা-ভাবনা করতেন।'

স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশীয়ানী থানার আড়-কাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকুলাতে আসেন। ১৯৫৮ সালে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে স্কয়ার ফার্মা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়ী জীবন শুরু। এরপর তৈরি করেন স্কয়ার গ্রুপ। জীবনের শেষ দিন পর্যন্ত এই গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি।

আরও পড়ুন

×