লালপুরে কথিত জ্বিনের জন্য শিশুর ওপর নির্যাতন
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০১:৩১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০১:৫০
নাটোরের লালপুরে কথিত জ্বিনের জন্য এক শিশুর ওপর নির্যাতন করেছে তার মা।
মঙ্গলবার রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া আকবরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হোসাইনকে (৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার নওপাড়া পানশীপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
লালপুর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, হোসেনকে নিয়ে তার মা রানু বেগম পাশ্ববর্তী আকবরপুর বাবার বাড়ি বেড়াতে যান। সেখানে রানু বেগমের কাছে তার একমাত্র ভাই মিলনকে কথিত জ্বিন নিয়ে যেতে চাইলে তার ভাইয়ের পরিবর্তে নিজ সন্তান হোসাইনকে দিয়ে দিতে চান। এরপর শুরু হয় শিশু হোসাইনের ওপর নির্যাতন।
মঙ্গলবার সন্ধ্যায় হোসাইনকে পুকুরের পানিতে ফেলে মারার চেষ্টা করেন রানু। এতে ব্যর্থ হয়ে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন তিনি। রাতভর হোসাইনের শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দিয়ে দগ্ধ করা হয়। একপর্যায়ে দরজা ভেঙ্গে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক বলেন, ‘শিশুটির গায়ে আগুনের ছ্যাঁকা, খামচিসহ বিভিন্ন স্থানে প্রচুর ক্ষত রয়েছে। বর্তমানে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছে।’
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘শিশুটির নানা ও মামাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তারা জানিয়েছে শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে নিজেই এই কাজ করেছে।’
- বিষয় :
- জ্বিন
- শিশু
- আগুনের ছ্যাঁকা
