জাবি উপাচার্যকে অপসারণের দাবিতে ফের বিক্ষোভ
সমাবেশে বক্তব্য রাখছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ -সমকাল
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৮:৪১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সমাবেশে মিলিত হয় মিছিলটি।
সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দুর্নীতি করতে হলে সর্বজনের অধিকার খর্ব করতে হয়। আর সে জন্য বল প্রয়োগ করতে হয়। আবার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুর্নীতিবাজ গোষ্ঠীকে লালন করা হয়। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করলে সরকার ক্ষুব্ধ হয়। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগের কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। এই দুইয়ের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। এখানে দুর্নীতি আর সন্ত্রাস একসঙ্গে চলছে। তবে এর বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখতে হবে।
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, গত ৫ নভেম্বরের হামলায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক করতালি দিয়ে হামলাকারীদের উৎসাহ দিয়েছেন। আমরা শুধু একটি দুর্নীতির তদন্ত চেয়েছিলাম। সেখানে উপাচার্যের সরে গিয়ে তদন্তের সুযোগ করে দেয়া উচিত ছিল। অথচ আমাদের অহিংস আন্দোলনে হামলা করা হয়েছে। বলপ্রয়োগ করে এ আন্দোলন বন্ধ করা যাবে না।
ছাত্র ইউনিয়নের জাবি সংসদের কার্যকরী সদস্য রকিবুল হক রনির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, ছাত্র ইউনিয়নের কার্যকরী সদস্য মিখা পীরেগু, ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি সম্পদ অয়ন মারান্ডি, ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সুদীপ্ত দে, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু, ছাত্র অধিকার পরিষদের সদস্য খালিদ মাহমুদ তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জাবি
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
