পারিপার্শ্বিক অবস্থাও ভোটারদের অনুকূলে থাকতে হবে: কবিতা খানম
মতবিনিময়সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার কবিতা খানম- সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৮:৪২
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, কিছুদিন ধরে আমরা দেখছি ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে। এ জন্য শুধু একটি বিষয়কে দায়ী করলে হবে না, অনেকগুলো বিষয়কে চিহ্নিত করতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠু পরিবেশ দিলেই যে ভোটাররা আশ্বস্ত হবেন, তা নয়। পারিপার্শ্বিক অবস্থাটাও ভোটারদের অনুকূলে থাকতে হবে। ভোটাররা যেমন সুষ্ঠু পরিবেশে ভোটকেন্দ্রে যাবেন, তেমনি ভোট দিয়ে তাদের নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে সমাজে আইনের ব্যবহার সুষ্ঠু হবে না। তাই আপনারা নিজেদের আচরণে এমন কিছু করবেন না, যাতে আইনকে অসম্মান বা অশ্রদ্ধা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- বিষয় :
- কবিতা খানম
- নির্বাচন কমিশনার
- চাঁদপুর
