ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শীত মৌসুমের রেকর্ড বৃষ্টি দিনাজপুরে

শীত মৌসুমের রেকর্ড বৃষ্টি দিনাজপুরে
×

বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি।

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২ | ০৯:৫৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ | ০৯:৫৯

দেশের উত্তরের জেলা দিনাজপুরে এবারের শীত মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ বৃষ্টি রেকর্ড করা হয়। এটিই শীত মৌসুমে সারাদেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ১ দশমিক ২ মিলিমিটার এবং দুপুর ২টার দিকে ৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই আট ঘণ্টায় জেলায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই শীত মৌসুমের সর্বোচ্চ। দেশের কোনো জেলায় এখন পর্যন্ত এত বৃষ্টিপাত হয়নি।

তিনি আরও জানান, এই বৃষ্টির কারণে রাত থেকেই জেলায় তাপমাত্রা কমবে এবং ১৪-১৫ জানুয়ারি একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

এদিকে হঠাৎ বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েছে সাধারণ মানুষ। 

কোনো ধরনের প্রস্তুতি না থাকায় রাস্তায় বের হয়ে অনেকেই ভিজেছেন অসময়ের বৃষ্টিতে।

রিকশাচালক সলেমন ইসলাম বলেন, এভাবে বৃষ্টি হবে, তা তো আগে জানতাম না। জানলে পর্দা নিয়ে আসতাম। এখন হঠাৎ বৃষ্টিতে রিকশার সিট ভিজে গেছে, ভেতরে পানিও ঢুকেছে।

পথচারী আসলাম উদ্দিন জানান, বৃষ্টি শুরু হলে দৌড় দিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেন। সেখানেও বৃষ্টি পড়া শুরু হলে একটি অটোরিকশায় করে নগরীর বড়মাঠ এলাকায় আসেন। তবে এর আগেই কাকভেজা হয়ে গেছেন।

আরও পড়ুন

×