ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না: রাশেদ খাঁন

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না: রাশেদ খাঁন
×

ছবি: সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৫

বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিশের নামে হয়রানি বা চাঁদাবাজি ও জুলুম-নির্যাতন করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আরও বলেন, ‘আমি ওয়াদা করছি, কারও সঙ্গে বৈষম্য করব না।’ 

রাশেদ খাঁন বলেছেন, বিরোধী দল জামায়াত আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। জামায়াতের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।

আজ শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনৈতিক, সুধী ও সাংবাদিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন আরও বলেন, ‘তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খাঁনের বিএনপি করা লাগবে না। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভুল করেছিলেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই বিএনপির এক ছাতার তলে এসে মূল ধারার বিএনপি করবেন। আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে রূপ দিতে সক্ষম হব।’ 

সবকিছু ভুলে বিএনপির সব নেতা-কর্মীকে এক ছাতার তলে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, লুৎফর রহমান লেন্টু, যুবদলের মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা। এ সভাতেই উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. নুরুল ইসলামসহ একাধিক নেতা-কর্মী মূল ধারার বিএনপির সঙ্গে যুক্ত হন। 

আরও পড়ুন

×