স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, ভাইস চেয়ারম্যানসহ আহত ৮
আহতদের একজন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৭
রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটজন আহত হয়েছেন। শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মিছিল নিয়ে যাওয়ার সময় উপজেলার আর্চ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মৃগী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমএ মতিন, মাজবাড়ী পরিষদ সদস্য মোস্তফা কামাল, যুবলীগ কর্মী রাকিবুজ্জামান, শফিকুল ইসলাম, বাচ্চু মন্ডল, রাকিব হোসেন ও সুজন বিশ্বাস। তাদের মধ্যে চারজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে শহরের রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে ইউনিয়নগুলো থেকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়ক হয়ে মিছিল আসতে থাকে। বিকেল ৪টার দিকে কালুখালী আর্চ ব্রিজের কাছে দুটি মিছিল মুখোমুখি হলে হঠাৎ এ সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের কয়েকজন আহত হন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী পলাশ আহমেদ জানান, বিকেলে দুই শতাধিক কর্মী নিয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যাচ্ছিলেন তিনি। কালুখালী আর্চ ব্রিজ এলাকায় গেলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন।
তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ জানান, মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালান স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। তিনি বলেন, তারা আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এছাড়া হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহতও হয়েছে। পরে আমাদের কর্মীরা তাদের প্রতিহত করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে দুই দিক থেকে দুটি মিছিল কালুখালী আর্চ ব্রিজের কাছে এলে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন যথারীতি শেষ হয়।
