ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট
×

লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৬

লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। মঙ্গলবার জেলার বাঞ্চানগর, হোগল্ডোহরী এবং মজুপুর এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম।

এর আগে, দুপুরে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাত দিনের খাবার প্যাকেজ (সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম সুজি) বিতরণ করেন। এছাড়া বন্যা দুর্গত এলাকাগুলোতে সংস্থাটির ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন, বিশুদ্ধ পানি ও ‍ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। বিকেলে কুমিল্লার শুভাপুর ইউনিয়নের চৌদ্দগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিডিআরসিএস চেয়ারম্যান।

দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় রেড ক্রিসেন্ট সবসময় নিবেদিত মন্তব্য করে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আকস্মিক বন্যার শুরু থেকেই মাঠে আছেন আমাদের যুব স্বেচ্ছাসেবক ও কর্মীরা। বন্যা আক্রান্ত হওয়ার পর থেকে লক্ষ্মীপুরে এ পর্যন্ত ১৯ হাজার ১৭৫ জন মানুষকে ত্রাণের আওতায় আনা হয়েছে। বন্যাদুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০০ মানুষকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এস. এম. হুমায়ুন কবীর, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুকসহ ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন

×