‘নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন’ প্রতিবেদন
স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা
লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৮:১৬ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৮:২৬
সদ্য প্রকাশিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদ ও পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, তাদের প্রতিবেদন শুধু পত্রিকার কাটিংয়ের ওপর নির্ভর করে প্রণীত হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, তার কোনো ভিত্তি নেই। তবে সংশ্লিষ্ট মহলের এসব প্রতিক্রিয়ায় সংস্থাটি অনুপ্রাণিত বোধ করছে বলেও জানিয়েছে।
টিআইবি বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই উল্লেখ করেছেন- টিআইবি কোনো তদন্তকারী সংস্থা নয়। টিআইবি মূলত গবেষণাভিত্তিক দুর্নীতিবিরোধী ও সুশাসন-সংক্রান্ত একটি প্রতিষ্ঠান, যা জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং নীতিগত সংস্কারের পক্ষে কাজ করে।
গবেষণা পদ্ধতি সম্পর্কে সংস্থাটি বলেছে, সামাজিক বিজ্ঞান গবেষণায় স্বীকৃত বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে তারা বহুমাত্রিক প্রক্রিয়ায় যাচাই সাপেক্ষে প্রতিবেদন প্রণয়ন করে থাকে।
টিআইবির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত যেসব তথ্য তাদের প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে, সেগুলোর উৎস বাংলাদেশ পুলিশ এবং তিনটি সুপরিচিত মানবাধিকার সংগঠন। প্রতিবেদনে এসব তথ্যসূত্র স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে টিআইবির প্রতিবেদনকে ঢালাওভাবে পত্রিকার কাটিং-নির্ভর বলার এমন অবস্থান শুধু অযৌক্তিক নয়, বরং মূল বিষয়কে পাশ কাটানোর ব্যর্থ প্রয়াস ছাড়া কিছুই নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গবেষণার অংশ হিসেবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সংগ্রহ করা হলেও তা সরাসরি ব্যবহার করা হয় না। বরং সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি, প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাইয়ের পরই তা বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জনপ্রতিনিধি, সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে না? নিজেদের কার্যক্রম ও অবস্থান জনসমক্ষে তুলে ধরতেও তো তারা গণমাধ্যমের ওপর নির্ভর করে। অতএব টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বা এর বিরুদ্ধে অপপ্রচারের নামে গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে এমন ঢালাওভাবে অবমূল্যায়ন করার যুক্তি নাই।’
পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার প্রসঙ্গে টিআইবি বলেছে, সংবাদ সম্মেলনে তারা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক’- এই মূল পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত পোষণ করেনি। তবে অতীতের বিভিন্ন মেয়াদের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের যে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, তা এই গবেষণার পরিধির বাইরে ছিল। ফলে এ বিষয়ে মন্তব্য করা গবেষণার উদ্দেশ্য ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে টিআইবি।
- বিষয় :
- টিআইবি
- স্বরাষ্ট্রমন্ত্রী
