কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল সিএনজিচালকের
মো. হৃদয়
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০০:৩৬ | আপডেট: ১১ জুন ২০২৬ | ০০:৩৬
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় চিওয়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। রাত সাড়ে ১১টায় সমকালকে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
হৃদয়ের বন্ধু প্রত্যক্ষদর্শী শাকতলা গ্রামের রাকিব জানান, রাত আটটার দিকে ধোড়করা বাজারের পূর্বপাশে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে সাকতলা গ্রামের আসিফ ও বাদশার মোটরসাইকেলের সঙ্গে একই ইউনিয়নের ঘোষতল প্রান্ত নামের এক কিশোরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ঘোষতল গ্রামের প্রান্ত ফোন করলে তিনটি মোটরসাইকেল যোগে তার গ্রামের কিশোর গ্যাং সদস্য রাজিব রিফাত, প্রান্তসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বাজারে এসে অবস্থান নেন। এসময় তারা সাকতলা গ্রামের কয়েকজনকে বাজারের একটি গ্যারেজের সামনে পেয়ে মারধর শুরু করে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের সিএনজিচালক হৃদয়ের পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ধোড়করা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে দ্রুত চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, বাজারের লোকজনের মাধ্যমে আমি জানতে তাকে কিশোর গ্যাং সদস্য রাজিবের নেতৃত্বে আরও কয়েকজন ছুরি মেরে আমার ভাইকে হত্যা করেছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে নয়টায় হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসে৷ আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ধালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন সমকালকে জানান, খবর পেয়ে জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
- বিষয় :
- কুমিল্লা
- ছুরিকাঘাতে হত্যা
- সিএনজি চালক
