ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি

অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহ্দী আমিন
×

মাহ্দী আমিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৮:১১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ০৯:১৪

| প্রিন্ট সংস্করণ

অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার রাষ্ট্রীয় জবাবদিহি, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আবু আবদুল্লাহ মোহাম্মদ সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, শাহাদৎ হোসেন স্বাধীন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ১৫০ দিনের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ এবং অর্জনের চিত্র তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, সরকার পাঁচ মাসে অর্জিত সাফল্যকে পাঁচটি প্রধান ক্ষেত্রে ভাগ করেছে। এগুলো হলো– জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জন; নির্বাচনী ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা; স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা; জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব। মাহ্দী আমিন বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার, আলোচিত কয়েকটি মামলার তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রমে অগ্রগতি, সন্ত্রাসবিরোধী আইন সংশোধন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন পাস এবং আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ।

প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার
মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। কয়েকটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় এবং ২৯ কার্যদিবসের মধ্যে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় সম্পন্ন করায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ঢাকাকে দূষণমুক্ত করতে প্রাথমিকভাবে ২৫০টি সর্বাধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু, মূল্যস্ফীতি কমিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক অগ্রগতি সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতিফলন। পাশাপাশি রাষ্ট্রীয় অপচয় কমাতে মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্তও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয়সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করা সরকারের সুশাসনের দৃঢ় বার্তা। একই সঙ্গে সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন; বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান।

তিনি বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধারে ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব হাতে নিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন। গত পাঁচ মাসে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষায় স্বল্প সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা অর্জনে বর্তমান সরকার দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।’

বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে মাহ্দী আমিন বলেন, দুই বছর আগে আজকের এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল।

আরও পড়ুন

×