ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সংসদে আইন প্রণয়নে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

সংসদে আইন প্রণয়নে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে কার্যপ্রণালি বিধির লঙ্ঘন করে সম্পূরক কার্যসূচি হিসেবে বিল উত্থাপন এবং তড়িঘড়ি করে কোনো প্রকার যাচাই বা আলোচনা ছাড়াই পাস করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত চর্চার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করছে বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উদ্বেগ প্রকাশ করেন। 

বিবৃতিতে বলা হয়, বর্তমান সংসদে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূরক কার্যসূচির মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ আইন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিলগুলো উত্থাপন করা হয়। এগুলো যাচাইয়ের জন্য সংসদ সদস্যদের কোনো বাস্তবসম্মত সুযোগও না দিয়ে কার্যপ্রণালি বিধি লঙ্ঘনের মাধ্যমে একতরফাভাবে পাস করা হয়েছে। এভাবে বিরোধী দলের মতামত ও আপত্তি উপেক্ষা করে দ্রুততার সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার জোরে আরও কয়েকটি বিল পাস করার ঘটনা ঘটেছে। একতরফাভাবে বিল পাসের প্রক্রিয়া আইন প্রণয়নের ক্ষেত্রে সাংবিধানিক ও সংসদীয় বিধি লঙ্ঘন করায় প্রশ্ন উঠেছে, তাহলে কর্তৃত্ববাদী আমলের সঙ্গে বর্তমান সংসদের পার্থক্য কোথায়? 

সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে কার্যপ্রণালি বিধির ১৮৮ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে স্বার্থের সংঘাতে দুষ্ট বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন। অথচ তাঁকে অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের পক্ষে অন্য মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর কতটুকু  নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের যে মূল উদ্দেশ্য, তা অঙ্কুরেই বিনষ্ট করার দৃষ্টান্ত স্থাপিত হলো। তিনি বলেন, এর আগে বিশেষ করে নব্বই-পরবর্তী কোনো সংসদে  স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে এ জাতীয় চর্চা দেখা যায়নি। 

আরও পড়ুন

×