সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ অনুসন্ধানে দুদক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৪
সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৩০ ও ৩১ আগস্ট আলাদা দু'টি চিঠিতে কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাত হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়। ওই কর্মকর্তা এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছেন। রোববার দুদক থেকে এ বিষয়ক তথ্য জানানো হয়।
জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই সাবেক এই সেনাপ্রধান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে নামে দুদক। ওই সময় আজিজ আহমেদ ও তার স্ত্রী দুদকে তাদের সম্পদ বিবরণীও জমা দিয়েছিল। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই দম্পতির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করার অভিযোগ রয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে তার নামে বাড়ি ক্রয় ও ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।
- বিষয় :
- দুদক
- অনুসন্ধান
- সাবেক সেনাপ্রধান