ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জেলা পর্যায়ে বিতর্ক উৎসব শুরু আজ

জেলা পর্যায়ে বিতর্ক উৎসব শুরু আজ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৮

| প্রিন্ট সংস্করণ

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’– প্রতিপাদ্যে সারাদেশে শুরু হচ্ছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১২তম আসর। আজ বৃহস্পতিবার রংপুর, পঞ্চগড় ও নারায়ণগঞ্জে দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। উৎসাহ-উদ্দীপনা আর যুক্তি পাল্টা যুক্তিতে মেতে উঠবে প্রতিটি জেলার বিজ্ঞানপ্রেমী বিতার্কিকরা।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবের সহযোগী শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ২৯ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে টাইম মিডিয়া ভবনের সমকাল চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এ প্রতিযোগিতায় ৬৪ জেলার ৫২০ স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় দুই হাজার বিতার্কিক অংশ নেবে। তিন পর্বের বিতর্কে জেলা ও বিভাগ পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশসেরা ১৬টি দল অংশ নেবে জাতীয় পর্যায়ে চূড়ান্ত আসরে। প্রতিটি জেলা থেকে অন্তত আটটি দল বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। জেলা পর্যায়ের বিজয়ী দলগুলো নিয়ে হবে বিভাগীয় প্রতিযোগিতা। বিভাগীয় বিজয়ীরা পাবে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ।

স্কুল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তিন সদস্যের দল গঠন করে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি জেলা থেকে ন্যূনতম ২৫টি বিদ্যালয়ে প্রচারণা চালানো হবে।

আবেদনের ভিত্তিতে আট স্কুল থেকে তিনজনের একটি করে দল অংশ নিতে পারবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হবে আগামী ৮ অক্টোবর। এরপর ১৪ অক্টোবর বিভাগীয় পর্যায়ে বিতর্ক শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

চূড়ান্ত পর্বের বিতর্ক ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী ১৩ ও ১৪ নভেম্বর। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা পুরস্কার হিসেবে পাবে ল্যাপটপ। রানার্সআপ দলের সদস্যরা পাবে ট্যাব। সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ অন্য দুটি দলের প্রত্যেককে দেওয়া হবে স্মার্টফোন। সবাই পাবে ক্রেস্ট ও সনদ।

আরও পড়ুন

×