ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের মূল্যবোধ ও সচেতনতা বিকাশে প্রাইম ব্যাংক ও সিমেক ফাউন্ডেশনের চুক্তি

শিক্ষার্থীদের মূল্যবোধ ও সচেতনতা বিকাশে প্রাইম ব্যাংক ও সিমেক ফাউন্ডেশনের চুক্তি
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২১:২৬

দেশের স্কুল শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ শিক্ষা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি সিমেক ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। রাজধানীর ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিমেক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফোয়ারা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১২ মাস মেয়াদি এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪টি বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে। 

এই কর্মসূচির আওতায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে—পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ); জলবায়ু ও পরিবেশ সচেতনতা এবং নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা। শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, দায়িত্বশীল আচরণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, “প্রাইম ব্যাংক বিশ্বাস করে, প্রকৃত জাতি গঠনের ভিত্তি রচিত হয় নতুন প্রজন্মের জ্ঞান ও মূল্যবোধ বিকাশে বিনিয়োগের মাধ্যমে। সিমেক ফাউন্ডেশনের সঙ্গে ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। দেশের আটটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি, জলবায়ু সচেতনতা ও নৈতিক শিক্ষা প্রসারে অবদান রাখার সুযোগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ অংশীদারিত্ব তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং ভবিষ্যতের জন্য টেকসই ও সহনশীল সমাজ গঠনে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।” সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×