ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চাইল সরকার

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চাইল সরকার
×
×

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়া। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ০৯:৪৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ০৯:৪৯

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। দণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কেন জানানো হলো না, সেটিও জানতে চাওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে আলোচনা হয়। এ সময় সৌদি সরকারের কাছে পাঠানো কূটনৈতিক পত্রের অনুলিপিও রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতকে ডেকে আলোচনা করা হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তলব না বলে বৈঠক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলোচনায় সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত বিষয়টি রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। 

গত বুধবার সৌদিসহ মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যমে বলা হয়, পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে ওই দুই ব্যক্তির বিচার প্রক্রিয়া কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে সৌদি সরকার আগে থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তৎপর হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট।

আরও পড়ুন

×